ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

দূরপাল্লার বাসে কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানির দাম বাড়ার পর বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দূরপাল্লার পথে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং রাজধানীসহ শহর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


সোমবার বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে ভাড়া সমন্বয় নিয়ে বৈঠকে এ প্রস্তাব করা হয়। এতে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। ভাড়া কতটা বাড়বে, তা চূড়ান্ত করবে মন্ত্রণালয়। এরপর প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর করা হবে।


এবার শুধু জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। অন্যান্য পরিচালন ব্যয় ভাড়া নির্ধারণে যুক্ত না করার সিদ্ধান্ত হয়েছে। রোববার রাতে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। এর আগে এপ্রিলে ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানোর পর বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল।


বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে নির্ধারিত ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা। এর সঙ্গে সড়ক ও সেতুর টোল যুক্ত হয়।পরিবহন মালিকদের পক্ষ থেকে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, অন্যান্য খরচ বাড়লেও মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে শুধু জ্বালানির মূল্যবৃদ্ধির হারে ভাড়া বাড়ানোর বিষয়ে তাঁরা একমত হয়েছেন।


বিআরটিএর এক কর্মকর্তা জানান, প্রস্তাবিত ১৮ ও ২০ পয়সা বৃদ্ধির পরিমাণ মন্ত্রণালয় পর্যায়ে কিছুটা কমতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।

ads
ads
ads

Our Facebook Page