ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

‘আফ্রিকাকে আলোচনার টেবিলে থাকতে হবে, মেন্যুতে নয়’

জাতিসংঘের সংস্কার করে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকার প্রতিনিধি রাখার দাবি জোরালো হওয়ার মধ্যে এবার তাতে কণ্ঠ মেলালেন সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান।


জাতিসংঘ সাধারণ পরিষদে বুধবারের বিতর্ক পর্বের শুরুতে নিরাপত্তা পরিষদে আফ্রিকার দেশগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিতে আহ্বান জানালেন তিনি।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিল বলেছেন, আফ্রিকাকে আলোচনার টেবিলে রাখা প্রয়োজন, কেবল মেন্যুতে নয়। জাতিসংঘের ক্ষমতার কাঠামোতে প্রধান ভূমিকায় থাকা নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি উঠে আসছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।


১৯৪৫ সালে যখন বৈশ্বিক এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়, তখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্সকে রাখা হয়েছিল স্থায়ী সদস্য হিসেবে। তাদের সঙ্গে আরও ১০টি অস্থায়ী সদস্য মিলে নিরাপত্তা পরিষদের কার্যকম চললেও যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে বড় হয়ে আসে এ পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের ভিটো ক্ষমতা।


১৯৩ সদস্য রাষ্ট্রের জাতিসংঘে বর্তমান আফ্রিকার সদস্য সংখ্যা ৫৪টি। কিন্তু এ মহাদেশের কোনো দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। দীর্ঘদিন ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার দাবি নিয়ে সংস্থাটির সংস্কার দাবি করে আসছে প্রায় দেড়শ কোটি জনসংখ্যা এবং ষষ্ঠ শীর্ষ অর্থনীতির দেশ ভারতও। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকার প্রতিনিধি রাখার দাবি বিভিন্ন সময়ে জানিয়েছেন।


এমন প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের আফ্রিকান দেশের স্থায়ী আসনের দাবি জানিয়ে সাধারণ পরিষদের সভাপতি খলিল বলেছেন, নিরাপত্তা পরিষদে যোগ্য জায়গা পাওয়ার জন্য আফ্রিকাকে অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে বলা যাবে না। আফ্রিকার প্রতিনিধিত্বের ঘাটতি এখনই দূর করা স্বচ্ছতা, ন্যায়বিচার এবং শেষ বিচারে এই সংস্থার বিশ্বাসযোগ্যতারও প্রশ্ন।

ads
ads
ads

Our Facebook Page

↑