দেশব্যাপী তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মাদারীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া।
সোমবার তিনি মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ডনোভান সরকারি উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।
সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার পাশাপাশি বিদ্যালয় ও বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান । একই সঙ্গে কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জনাব জাহান্দার আলী মিয়া বিশেষ ভাবে আহ্বান জানান নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার। পাশাপাশি পড়ালেখার মান উন্নয়নে মনোযোগী হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্যও শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
এ সময় এমপি মহোদয়ের সাথে বিএনপি নেতা মার্তুজা আলম ঢালী, নজরুল ইসলাম লিটুসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।