জুলাই আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ করতে অনলাইনে বৈঠক করেন সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক মাহদী আহমদ। রোববার (১১ অক্টোবর) সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্য দিতে এসে তিনি এ কথা বলেন।
এই কর্মকর্তা আরও বলেন, ‘১৬ জুলাই সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট বন্ধের নির্দেশ দেন পলক।’
আগামীকাল সোমবার (১২ অক্টোবর) সাক্ষ্যের ওপর আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ জেরা করবে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ এবং মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা দেওয়ার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ২১ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। এ মামলায় পলক গ্রেফতার থাকলেও পলাতক রয়েছেন সজীব ওয়াজেদ জয়।