দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১০ দিনেই মারা গেছেন ৫৮ জন। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বরে ডেঙ্গুতে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ২ হাজার ১৯৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৭৫ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৯৬ জন। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ৪০৩ জন ডেঙ্গু রোগী। বিভাগভিত্তিক হাসপাতাল ভর্তির পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১ হাজার ৩০ জন। এছাড়া খুলনা বিভাগে ৩০৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৩ জন, বরিশাল বিভাগে ২৩৬ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন, রংপুর বিভাগে ৮৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়তে থাকায় চলতি বছরের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।