ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ

ছিনতাইয়ের সতর্কবার্তা পাওয়ায় জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট জয়পুরে সরিয়ে নেওয়া হয়। পরে উড়োজাহাজটিতে বোমা হামলার ভুয়া হুমকির বিষয়টি সামনে আসে। এ ঘটনায় যাত্রী ও ক্রুদের সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর এনডিটিভির। 


এয়ার ইন্ডিয়ার এআই ২০৩০ ফ্লাইটটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজ। বুধবার (১৪ অক্টোবর) সকালে ফ্লাইটটি নির্ধারিত গন্তব্য দিল্লি থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে রাজস্থানের জয়পুরে সকাল ৯টা ৪৫ মিনিটে নিরাপদে অবতরণ করে।


সূত্র জানায়, ছিনতাইয়ের সতর্কবার্তা পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তাব্যবস্থা সক্রিয় করে। উড়োজাহাজটি অবতরণের পর সতর্কতার সঙ্গে সেটির কাছে যান নিরাপত্তাকর্মীরা। পরে যাত্রীদের নামানোর জন্য সিঁড়ি স্থাপন করা হয়।


আহমেদাবাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সূত্রের বরাতে জানা গেছে, এআই ২০৩০ ফ্লাইট থেকে ‘স্কোয়াক কোড ৭৫০০’ পাওয়া যায়। আন্তর্জাতিক বিমান চলাচলে উড়োজাহাজ ছিনতাই বা বেআইনি হস্তক্ষেপের সংকেত হিসেবে এই কোড ব্যবহার করা হয়।


কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পর যাত্রী ও ক্রুদের নামার অনুমতি দেওয়া হয়। এর আগে এয়ার ইন্ডিয়া জানিয়েছিল, ফ্লাইট বাতিল করতে হলে যাত্রীদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে। পাশাপাশি বিনা মূল্যে ভ্রমণের সময়সূচি পরিবর্তনের সুযোগও দেওয়া হবে।


ঘটনার কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানায়, সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির কারণে ফ্লাইটটি জয়পুরে সরিয়ে নেওয়া হয়েছিল। নিরাপত্তা যাচাই শেষে যাত্রীদের আবার উড়োজাহাজে ওঠার অনুমতি দেওয়া হয়। এরপর দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি এবং বুধবার সন্ধ্যায় নিরাপদে দিল্লিতে অবতরণ করে।


এয়ার ইন্ডিয়া আরও জানায়, যাত্রীদের ভোগান্তি কমাতে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নিয়েছে তাদের কর্মীরা। আকস্মিক এ পরিস্থিতির কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। একই সঙ্গে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে তারা। 

ads
ads
ads

Our Facebook Page

↑