ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে রিসোর্টে আগুন ও ১০ জনের মৃত্যুর ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড ও মৃত্যুর ঘটনায় রিসোর্টটির ব্যবস্থাপক (ম্যানেজার) মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


এর আগে সকাল সাড়ে ৭টার দিকে মেরিনড্রাইভ সড়কসংলগ্ন রিসোর্টটিতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিটের উদ্ধার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া আহত অন্তত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন উদ্ধার অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।


নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এর মধ্যে একই পরিবারের ৬ সদস্য রয়েছেন- ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং শিশু ফায়িজান আহম্মেদ (৫)। পরিচয় পাওয়া বাকি তিনজনের মধ্যে ঢাকার আশুলিয়ার একটি স্কুলের শিক্ষিকা নাসরিন আক্তার মুক্তা (২৯) এবং জিহাদ হাওলাদার ও আকিবুল ইসলাম রয়েছেন।


অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কক্সবাজার জেলা প্রশাসন। জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


ads
ads
ads

Our Facebook Page

↑