দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ শিশু এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭। সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের হিসাব অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৫৪৮ শিশু।
বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তির পরিসংখ্যানে শীর্ষে রয়েছে ঢাকা। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৬২৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৩১১, বরিশালে ১৫০, সিলেটে ১৪৫, খুলনায় ১২৫, ময়মনসিংহে ১০২, রাজশাহীতে ৪৬ এবং রংপুরে ৩৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৬ হাজার ১৬৮ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।
এদিকে, একই সময় থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫। এদের মধ্যে ২৩ হাজার ৯৯১ শিশুর শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।