সৌদি আরবের দাম্মাম রুটে আগামী ৭ নভেম্বর থেকে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।এর আগে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার পরিপ্রেক্ষিতে দাম্মাম ও রিয়াদ রুটে ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট বাতিল ও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিমান।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে প্রতিদিন দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সূচি কার্যকর থাকবে। অন্যদিকে, রিয়াদ রুটে যাত্রীসংখ্যা কমে যাওয়ায় ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান। সংস্থাটির ভাষ্য, এ রুটের অনেক যাত্রী বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করছেন। ফলে বর্তমানে পর্যাপ্ত যাত্রী না থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চালু করা হচ্ছে না। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার ঘটনার পর ঢাকা থেকে এখন পর্যন্ত মোট ১৬৫টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল অথবা স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৯১৭ জন যাত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাতিল বা স্থগিত ফ্লাইটের মধ্যে ৮৮টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের তালিকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১৬টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের। সংস্থাটির মোট ৩০টি ফ্লাইট বাতিল হয়েছে।
এছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।