ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একদিনে ৩৩টি ককটেল বিস্ফোরণ ও ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এসব নাশকতার ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে রাজধানীতে। সেখানে ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণের পাশাপাশি সাতটি স্থানে আটটি যানবাহনে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় রাজধানীতে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ৩৩ জনকে নাশকতার সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এলাকায় সোমবার রাত ১২টার পর থেকে মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে রাজধানীর সাতটি স্থানে আটটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা দ্য নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বিকালে বলেন, দেশের অন্যান্য এলাকায় মঙ্গলবার নাশকতাসংক্রান্ত ঘটনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই পরিসংখ্যান প্রস্তুত করা হচ্ছে।
পুলিশের তথ্যানুযায়ী রাজধানীর বাইরে চট্টগ্রাম ও পটুয়াখালীতে একটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টার হিসাব অনুযায়ী, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এলাকায় দুটি যানবাহনে আগুন দেওয়া হয়। এ ছাড়া কিশোরগঞ্জ, গাজীপুর ও নেত্রকোণায় একটি করে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সব মিলিয়ে রাজধানী ও দেশের অন্যান্য এলাকায় একদিনে ৩৩টি ককটেল বিস্ফোরণ এবং ১৩টি যানবাহনে আগুন দেওয়ার তথ্য পেয়েছে পুলিশ সদর দপ্তর।
এদিকে রাজধানীতে এসব নাশকতার ঘটনায় ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৩৩ জনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।