সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৯০০ জন ডেঙ্গুরোগী। বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া এক হাজার ৯০০ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশন এলাকা ও জেলা মিলিয়ে) হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮০ জন। এছাড়া বরিশাল বিভাগে ২৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, খুলনা বিভাগে ২২৬ জন, রাজশাহী বিভাগে ১৯৮ জন, রংপুর বিভাগে ১০৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮৫ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৬৬৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৯ হাজার ১২৩ জন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সর্বমোট ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৬৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।