নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার বাইরে ২০২৭ সালে আরও ২ লাখ মানুষকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা সরকার। তবে এ সুযোগ সবার জন্য উন্মুক্ত নয়। কানাডায় বর্তমানে কর্মরত অভিবাসী, তাদের পরিবারের সদস্য এবং মানবিক বিবেচনায় থাকা নির্দিষ্ট শ্রেণির আবেদনকারীরা এতে অগ্রাধিকার পাবেন।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) প্রকাশিত ২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় এ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, দুটি বিশেষ শ্রেণিতে সর্বোচ্চ ১ লাখ করে মোট ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ দেওয়া হবে। বিশেষ এই ব্যবস্থা শুধু ২০২৭ সালের জন্য কার্যকর থাকবে। নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার বাইরে হিসাব করা হবে এর আওতায় দেওয়া সুযোগ।
বিশেষ উদ্যোগের প্রথম অংশে গুরুত্ব দেওয়া হয়েছে কানাডায় আগে থেকেই বসবাস ও কর্মরত বিদেশি নাগরিকদের। কুইবেকের বাইরে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে কর্মরত সর্বোচ্চ ১ লাখ অভিবাসী এবং তাদের যোগ্য পরিবারের সদস্যরা এ সুবিধা পেতে পারেন। কাদের অগ্রাধিকার দেওয়া হবে, তা নির্ধারণে কেন্দ্রীয় সরকার প্রাদেশিক ও আঞ্চলিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করবে। এ ক্ষেত্রে স্থানীয় শ্রমবাজারে কোন পেশার কর্মীর চাহিদা বেশি, সেটিও বিবেচনায় নেওয়া হবে।
প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (পিএনপি) অনুযায়ী স্থায়ী বসবাসের যোগ্য কর্মীদের পাশাপাশি কয়েকটি নির্দিষ্ট অভিবাসন কর্মসূচিতে আবেদন করে অপেক্ষায় থাকা ব্যক্তিদেরও এ উদ্যোগের আওতায় আনা হতে পারে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে নতুন ব্যবসা উদ্যোগ কর্মসূচি, স্বনিয়োজিত ব্যক্তিদের অভিবাসন কর্মসূচি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের পরীক্ষামূলক কর্মসূচি এবং গৃহভিত্তিক পরিচর্যা কর্মী কর্মসূচি। বিশেষ উদ্যোগের দ্বিতীয় অংশে রাখা হয়েছে মানবিক ও পারিবারিক বিবেচনায় থাকা আবেদনকারীদের। এ শ্রেণিতে সর্বোচ্চ ১ লাখ মানুষকে স্থায়ী বাসিন্দা করার পরিকল্পনা রয়েছে।
এই তালিকায় আছেন কানাডায় বসবাসরত হংকংয়ের নাগরিকদের স্থায়ী বসবাস কর্মসূচিতে অপেক্ষমাণ আবেদনকারীরা, ইউক্রেনীয় নাগরিকদের পরিবার পুনর্মিলন কর্মসূচির আবেদনকারীরা, মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় নীতিগত অনুমোদন পাওয়া ব্যক্তিরা এবং কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের স্বামী-স্ত্রী, জীবনসঙ্গী ও নির্ভরশীল সন্তানেরা।
সরকারের পরিকল্পনায় কয়েকটি শ্রেণির জন্য পৃথক লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। হংকংয়ের নাগরিকদের স্থায়ী বসবাসের অপেক্ষমাণ আবেদন নিষ্পত্তির মাধ্যমে সর্বোচ্চ ৩২ হাজার মানুষকে সুযোগ দেওয়ার লক্ষ্য রয়েছে। ইউক্রেনীয়দের পরিবার পুনর্মিলন কর্মসূচির আওতায় স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন সর্বোচ্চ ১৮ হাজার ৮০০ জন।
এ ছাড়া মানবিক বিবেচনায় নীতিগত অনুমোদন পাওয়া সর্বোচ্চ ১২ হাজার ৬০০ আবেদনকারী এবং কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের সর্বোচ্চ ৪৫ হাজার স্বামী-স্ত্রী, জীবনসঙ্গী ও নির্ভরশীল সন্তান এ উদ্যোগের আওতায় আসতে পারেন।
২০২৭ সালে কানাডার নিয়মিত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮০ হাজার। এর বাইরে বিশেষ উদ্যোগের মাধ্যমে আরও ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সরকারের এ উদ্যোগের লক্ষ্য নতুন করে বিপুলসংখ্যক বিদেশি অভিবাসী নেওয়া নয়। বরং যারা ইতিমধ্যে কানাডায় বসবাস করছেন, কাজ করছেন এবং দেশটির অর্থনীতি ও সমাজে অবদান রাখছেন, তাদের স্থায়ীভাবে থাকার সুযোগ তৈরি করা। পাশাপাশি দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ আবেদন নিষ্পত্তি এবং পরিবার পুনর্মিলনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
তবে এ উদ্যোগকে নতুন কোনো অভিবাসন কর্মসূচি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। এর আওতায় সবার জন্য নতুন করে আবেদন নেওয়ার ঘোষণাও দেওয়া হয়নি। বরং নির্দিষ্ট অভিবাসন কর্মসূচিতে আগে থেকেই আবেদন করেছেন অথবা ঘোষিত যোগ্যতার আওতায় রয়েছেন, এমন ব্যক্তিদের আবেদন বিবেচনা ও নিষ্পত্তির পরিকল্পনা করা হয়েছে।
তাই অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগের খবর শুনে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। কারা এ সুবিধা পাবেন, তা নির্ভর করবে সংশ্লিষ্ট কর্মসূচির যোগ্যতা ও সরকারের নির্ধারিত প্রক্রিয়ার ওপর।