ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নদীর মাঝখানে খুঁটি ছাড়াই হবে ২৫৬টি দীর্ঘ সেতু: প্রতিমন্ত্রী

দীর্ঘ সেতু নির্মাণের ক্ষেত্রে নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে মাঝনদীতে কোনো খুঁটি বসানো হবে না বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি।বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি।


প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের সেতু নির্মাণে দেশীয় প্রকৌশলীদের দক্ষতা বাড়াতে বিদেশ থেকে প্রশিক্ষক এনে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রয়োজনে প্রকৌশলীদের বিদেশেও প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।’


উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘নদীতে মাঝখানে খুঁটি না বসিয়ে সেতু নির্মাণের অভিজ্ঞতা বাংলাদেশের প্রকৌশলীদের কম। এ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলায় ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। এসব সেতুর প্রতিটির দৈর্ঘ্য ১০০ মিটারের বেশি। নদীর পানির স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে সেতুগুলো নির্মাণের সময় মাঝনদীতে কোনো খুঁটি না বসানোর সিদ্ধান্ত হয়েছে একনেক সভায়।’তবে ২৫৬টি সেতুর মধ্যে ৯৮টির কোনো সমীক্ষা ছাড়াই কীভাবে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনা কমিশনের কৃষি, পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব কবির আহামদ বলেন, ‘এসব সেতুর সমীক্ষা করার পরই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। সমীক্ষার আগে কোনো কাজ শুরু হবে না।’


সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের একনেক সভায় মোট ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৪ কোটি টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।’


সামনে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের নজর শুধু শহরকেন্দ্রিক নয়, গ্রামের প্রতিও রয়েছে। গ্রামেও মানুষ বসবাস করে। গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতেই এসব প্রকল্প নেওয়া হয়েছে।’

ads
ads
ads

Our Facebook Page

↑