ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বহুমাত্রিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ-পাকিস্তান

সংসদীয় কূটনীতি, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল শাসনব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।মঙ্গলবার (২৪ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পার্লামেন্ট ভবনের কনস্টিটিউশন রুমে আয়োজিত এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় দুই দেশের প্রতিনিধিদের।


পাকিস্তান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ও দেশটির সংসদ সদস্য ড. শাজিয়া সোবিয়া আসলাম সোমরুর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান নাসির রহমান।


বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে শাজিয়া সোবিয়া বলেন, অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক সাদৃশ্য এবং দীর্ঘদিনের জনগণের সাথে জনগণের সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় পাকিস্তান। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রাতিষ্ঠানিক যোগাযোগ, আইন প্রণয়নসংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগে সংসদীয় কূটনীতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।


জবাবে নাসির রহমান পারস্পরিক শ্রদ্ধা, গঠনমূলক সংলাপ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দুই দেশের জনগণের কল্যাণে অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।বৈঠকে সংসদীয় সহযোগিতা, বাণিজ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, ডিজিটাল শাসনব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, শিশুর অধিকার এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের আওতায় সহযোগিতার সম্ভাবনাও তুলে ধরা হয়।


দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা এগিয়ে নিতে নিয়মিত ভার্চ্যুয়াল বৈঠক এবং একে অপরের দেশে প্রতিনিধিদল সফরের ওপর গুরুত্ব দেন। তাদের মতে, সংসদীয় পর্যায়ে ধারাবাহিক যোগাযোগ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করতে ভূমিকা রাখবে।


বৈঠকে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী মুহাম্মদ মুঈন ওয়াত্তু এবং দেশটির সংসদ সদস্য জাহরা ওয়াদুদ ফাতেমি, শাইস্তা পারভেজ, রোমিনা খুরশিদ আলম, দাওয়ার খান কুন্দি, নাঈমা খিশওয়ার খান, ফয়সাল আমিন খান, শের আলী আরবাব, হুমা আখতার চুগতাই, মুসাররাত রফিক মেহেসার, তামকিন নিয়াজি ও আওয়াইস হায়দার জাখার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পারস্পরিক শ্রদ্ধা, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে সংসদীয় বন্ধুত্ব এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই দেশের প্রতিনিধিরা।

ads
ads
ads

Our Facebook Page

↑