ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

অনুমতি ছাড়া বিদেশে অবস্থান, ঢাবির দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

অনুমতি ছাড়াই দেশের বাইরে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে সশরীর রেজিস্ট্রারের কাছে উপস্থিত হয়ে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।


মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এসব সিদ্ধান্তের কথা জানান। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় সিদ্ধান্তগুলো নেওয়া হয় বলে জানান তিনি।অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান ও আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া বিনা অনুমতিতে দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে বিধি অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


সাবেক উপাচার্য অধ্যাপক মো. মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নির বিষয়ে অধ্যাপক আলফেছানী বলেন, তাঁদের বর্তমান অবস্থান সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবগত নয়। এ পরিস্থিতিতে সাত কর্মদিবসের মধ্যে সশরীর রেজিস্ট্রারের কাছে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।জুলাই অভ্যুত্থানে ভূমিকা এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।


এ বিষয়ে অধ্যাপক আলফেছানী জানান, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামাল উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল। কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় পরবর্তী সিন্ডিকেট সভায় তাঁদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑