ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ইরানের ওপর স্থল অবরোধ অসম্ভব: আরাঘচি

ইরানের ওপর কোনো ধরনের স্থল অবরোধ আরোপ করা ‘প্রায় অসম্ভব’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তাঁর মতে, ইরানের বিশাল ভূখণ্ড এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তবর্তী প্রদেশগুলোর গভীর সম্পর্কের কারণে এ ধরনের অবরোধ কার্যকর করা কঠিন।মঙ্গলবার (২৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনার (আইএসএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাদেশিক কার্যালয়ের প্রধানদের অংশগ্রহণে আয়োজিত এক সেমিনারের ফাঁকে আরাঘচি এসব কথা বলেন।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের বিশাল ভূখণ্ড ও অসংখ্য প্রদেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে প্রদেশগুলোর বহুমুখী সক্ষমতা এ ক্ষেত্রে সহায়ক হবে। আরাঘচি বলেন, সীমান্তের দুই পাশে মানুষের নিয়মিত যাতায়াত, জনগণের মধ্যে যোগাযোগ এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন সীমান্তবর্তী প্রদেশগুলোকে বিশেষ সক্ষমতা দিয়েছে। তাঁর ভাষায়, এসব সম্পর্কের কারণে শত্রুরা যেসব পথ বন্ধ করতে চায়, সেগুলো আবার চালু করার সুযোগ তৈরি হয়।


তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, বাণিজ্যিক বাধা দূর করা এবং নতুন বাজারে প্রবেশের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সেগুলো প্রত্যাহারে কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑