আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশগুলো মিয়ানমার মেনে চলবে না বলে জানিয়েছেন দেশটির নেতা মিন অং হ্লাইং। গত সপ্তাহে আদালত এই রায় দেওয়ার পর প্রথমবার প্রকাশ্যে কোনও মন্তব্য করলেন তিনি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার এক বৈঠকে অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং বলেন, ‘গণহত্যা’ শব্দটি দেশের সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরও বলেন, একটি দায়িত্বশীল দেশের জন্য উপযুক্ত পদক্ষেপ মিয়ানমার নেবে, তবে যেসব শর্ত দেশটি অনুপযুক্ত মনে করে, সেগুলো মানবে না।
তবে রায়ের কোন অংশগুলোতে তাদের আপত্তি রয়েছে, তা বিবৃতিতে নির্দিষ্ট করা হয়নি।
২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা এই মামলায় ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে সাব্যস্ত করে আইসিজে। ৯-৬ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় দেওয়া চূড়ান্ত ও আপিল-অযোগ্য এই রায়ে আদালত জানান, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন এবং সাত লাখের বেশি মানুষ বাংলাদেশে পালিয়ে যান। ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের দায়ে প্রথম রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আদালত আনুপাতিক ক্ষতিপূরণ দেওয়া, চলমান লঙ্ঘন বন্ধ এবং সন্দেহভাজনদের অবিলম্বে তদন্তের নির্দেশ দেন। তবে গণহত্যার অভিযোগ অস্বীকার করে মিয়ানমার দাবি করেছে, তাদের বাহিনী সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিয়েছিল।
আইসিজের রায় বাস্তবায়নের নিজস্ব ক্ষমতা না থাকায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও রাজনৈতিক চাপের ওপর নির্ভর করতে হয়। এরই মধ্যে এক ডজনের বেশি দেশ রায়টিকে স্বীকৃতি দিয়েছে এবং যুক্তরাজ্য মিয়ানমারের কয়েকজন শীর্ষ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ২০২১ সালে অং সান সু চিকে হটিয়ে ক্ষমতা দখলের পর গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে মিয়ানমার মূলত কূটনৈতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।