ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

তিতাস, আরপিজিসিএল ও বাপেক্সের এমডি পদে পরিবর্তন

দেশে গ্যাস সংকটের মধ্যে জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন রাষ্ট্রায়ত্ত কোম্পানি তিতাস গ্যাস, বাপেক্স ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) শীর্ষ পদে পরিবর্তন এনেছে পেট্রোবাংলা। তিন কোম্পানির এমডিকে পেট্রোবাংলায় বদলি করে তাদের জায়গায় তিন মহাব্যবস্থাপককে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।


গত মঙ্গল ও বৃহস্পতিবার পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে জারি করা পৃথক অফিস আদেশে এসব পরিবর্তনের তথ্য দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।আদেশ অনুযায়ী, তিতাস গ্যাসের এমডি শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলায় বদলি করে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় তিতাসের এমডির দায়িত্ব পেয়েছেন কোম্পানির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুল হাসান।


বাপেক্সের এমডি ফজলুল হককেও পেট্রোবাংলায় বদলি করে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় বাপেক্সের এমডির চলতি দায়িত্ব পেয়েছেন কোম্পানির উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আহসানুল আমিন।


এর আগে মঙ্গলবার আরপিজিসিএলের এমডি আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলায় বদলি করা হয়। ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করার পাশাপাশি তাকে পরিচালক (পরিকল্পনা) পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তার জায়গায় আরপিজিসিএলের এমডির চলতি দায়িত্ব পেয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক আইনুল কবির।


এদিকে পেট্রোবাংলার উৎপাদন অংশীদারত্ব চুক্তি (পিএসসি) পরিদপ্তরে সংযুক্ত ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম সরকারকে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি পরিচালক (পিএসসি) পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।


অফিস আদেশে বলা হয়েছে, তিন কোম্পানির এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া একটি সাময়িক ব্যবস্থা। এর ফলে কর্মকর্তাদের চাকরির জ্যেষ্ঠতা বা নিয়মিত পদোন্নতির অধিকারে কোনো পরিবর্তন আসবে না। এসব পদে অন্য কোনো কর্মকর্তাকে নিয়োগ, বদলি, পদোন্নতি বা পদায়ন করা হলে চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তারা তাদের মূল পদ মহাব্যবস্থাপক পদে ফিরে যাবেন।


দেশীয় গ্যাসের অনুসন্ধান, উৎপাদন, আমদানি ও গ্রাহক পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই তিন কোম্পানির। বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ১২ জেলায় শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ করে তিতাস। অন্যদিকে বাপেক্স দেশে তেল-গ্যাস অনুসন্ধান, কূপ খনন ও গ্যাস উৎপাদনের কাজ করে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি এবং তা গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রম পরিচালনা করে আরপিজিসিএল।

ads
ads
ads

Our Facebook Page

↑