এফডিসির পরিচিত মুখ মোল্লা আব্দুল মান্নান। দীর্ঘ চল্লিশ বছর হাড়ভাঙা পরিশ্রম করেও ভাগ্যের চাকা ঘোরাতে পারেননি। জীবনের শেষ প্রান্তে এসে ফিরে যেতে চান নিজ গ্রামে। কিন্তু তাতেও অর্থ বাধা। গত ৬ জানুয়ারি আব্দুল মান্নানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তারপর বিষয়টি সবার নজর কাড়ে। আব্দুল মান্নানকে অর্থনৈতিকভাবে সহযোগিতার জন্য চলচ্চিত্র সাংবাদিকরা ‘মোল্লার মুড়ি উৎসব’-এর আয়োজন করেছে।
আগামী শুক্রবার বিকাল ৩টায় (২৯ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় (বিএফডিসি) এই উৎসব শুরু হবে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এই উৎসবের আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন—মাজহার বাবু, আহম্মেদ তেপান্তর, এ. এইচ. মুরাদ, আসিফ আলম, রঞ্জু সরকার, রুহুল আমিন প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, খবরটি প্রকাশের পর চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী-কুশলীরা মোল্লার পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। আমরা চেষ্টা করছি, সম্মানের সঙ্গে মোল্লা ভাইকে বাড়ি ফেরানোর। আশা করছি, চলচ্চিত্র শিল্পী-কুশলীরা শেষবারের মতো মোল্লা ভাইয়ের মুড়ি খেতে আসবেন এবং তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
আব্দুল মান্নান গ্রামের বাড়ি ফিরে ছোট্ট একটি দোকান দিয়ে জীবিকা নির্বাহের স্বপ্ন দেখেন। এ জন্য তার ১ লাখ টাকা প্রয়োজন। আর তা হলেই গ্রামের বাড়ি ফিরতে পারেন তিনি।
১৯৭২ সালে এফডিসির মসজিদে বিনা পারিশ্রমিকে খাদেম হিসেবে কাজ শুরু করেন আব্দুল মান্নান। এখনো সেই পেশায় নিয়োজিত আছেন। পাশাপাশি ঝালমুড়ি বিক্রি করে চলছিল তার জীবিকা। বর্তমানে তিনি অসুস্থ, হাত-পা আগের মতো সচল নেই। প্যারালাইসিসের কারণে শরীরের একপাশ অবশ, এক হাত দিয়েই সব কাজ করেন তিনি।