ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন অভিনেতা হিরণ

ads

ছিলেন যুব তৃণমূলের সহ-সভাপতি। সেই পদ থেকে ইস্তফা দিয়ে ভারতের ক্ষমতাশীল দল বিজেপিতে ভিড়তে চলেছেন টলিউড তারকা হিরণ চট্টোপাধ্যায়। ভারতের একাধিক সংবাদমাধ্যম সূত্রে এমন খবরই জানা গেছে। সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় হিরণ বলেছেন, ‘যেখানে সম্মান পাবো, সেখানে যাবো। শুধু প্রচারের জন্য নয়, কাজের জন্য যাবো।’


টলিউডে হিরণের বন্ধু অভিনেতা সোহম চক্রবর্তী তৃণমূলের প্রার্থী হয়ে গত নির্বাচনে লড়াই করেছেন। যদিও জিততে পারেননি। হিরণের মতো তিনিও ছিলেন পশ্চিমবঙ্গের যুব তৃণমূলের সহ-সভাপতি। এছাড়া নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীরা মমতা ব্যানার্জির কাছ থেকে তৃণমূলের টিকিট পেয়ে সংসদ সদস্য হয়েছেন। কিন্তু সমসাময়িক হয়ে হিরণ সে সুযোগ পাননি।


গুঞ্জন উঠেছে, সেই ক্ষোভ থেকেই মমতার আঁচল ছাড়তে চলেছেন অভিনেতা হিরণ। এ নিয়ে সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে কথা বলেন। জানান, তার কোনো ক্ষোভ নেই। অভিনেতার কথায়, ‘আমি তো কখনো দলের কাছে টিকিট চাইনি। ক্ষোভ কীভাবে থাকবে! দল থেকে যখন যে দায়িত্ব দিয়েছে, তা পালন করেছি। যুব তৃণমূলের সহ-সভাপতি হওয়ার পর থেকে আমি শুধু ক্যাম্পেইনই করে গেছি। শুধু সেটাই যদি আমার দায়িত্ব হয়, তবে তাই-ই সই।’


উদাহরণ টেনে হিরণ বলেন, ‘ধরুণ সিনেমাহলে বাচ্চাকে নিয়ে বাবা-মা সিনেমা দেখতে গেলেন। ওরা আইসক্রিম খেলেন। বাচ্চাটা কোনো বায়না করল না। সে বায়না করল না বলে কি বাবা-মায়ের উচিত নয় বাচ্চাকে অন্তত একটা চকোলেট কিনে দেওয়া? আমি দলের কাছে কখনো কিছু চাইনি। দলও হয়ত আমাকে যোগ্য বলে মনে করেনি। তাই যেখানে সম্মান পাবো, সেখানে যাবো।


ক্ষোভ প্রকাশ করে তিনি এও বলেন, ‘ভোট ঘনিয়ে এলে শুধু বলা হয় এখানে যাও, ওখানে যাও, কাজ করো। ভোটের প্রচারের পর কেউ ধন্যবাদও জানায় না। এভাবে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি।’


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জির প্রসঙ্গে হিরণ বলেন, ‘মমতা ব্যানার্জির মত ব্যক্তিত্ব ভারতবর্ষে খুব কমই আছেন। আমি দিদিকে শ্রদ্ধা করি এবং সবসময় করব। আমার ওনার প্রতি কোনো ক্ষোভ নেই। পাশাপাশি নরেন্দ্র মোদিকেও প্রশংসায় ভাসান হিরণ। বলেন, ‘মোদিজি দেশকে একটা অন্য জায়গায় নিয়ে গিছেন। তার কারণে আজ ইজরায়েল বলছে ‘উই ট্রাস্ট ইন্ডিয়া’।’


প্রসঙ্গত, এর আগে হিরণের মতো সুরেই কথা বলেছিলেন টলিউডের আরেক নামজাদা অভিনেতা রুদ্রনীল ঘোষ। এরপর দেখা যায়, তিনি সোজা দিল্লিতে অমিত শাহের বাড়িতে গিয়ে বিজেপিতে যোগ দিলেন। এবার হিরণ কার বাড়িতে গিয়ে বিজেপির মালা পরেন সেটাই দেখার।

ads
ads
ads

Our Facebook Page