ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ডিএসসিসিতে মশক সুপারভাইজারকে শোকজ, কর্মীকে কর্মচ্যুত

ads

মশক নিধনের জন্য ব্যবহৃত ঔষধ ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগে এক মশক কর্মীকে কর্মচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে ঐ কর্মীর সুপারভাইজারকে শোকজ তথা কারণ দর্শানোর নোটিশও দিয়েছে সিটি কর্পোরেশন।
 
মঙ্গলবার (০৯ জুন) ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত দু’টি পৃথক অফিস আদেশে ঐ মশক কর্মী এবং সুপারভাইজারের প্রতি এই নির্দেশনা জারি করা হয়। 

কর্মচ্যুত হওয়া মশক কর্মী হলেন রাজন দাস এবং কারণ দর্শনোর নোটিশ পাওয়া সুপারভাইজার হলেন মনিরুজ্জামান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসিতে জনসংযোগ কর্মকর্তা হিসেবে সদ্য নিয়োগ পাওয়া আবু নাসের।

অস্থায়ীভাবে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত অদক্ষ মশকনিধন কর্মী রাজন দাস ইচ্ছাকৃতভাবে লার্ভিসাইডিং এর জন্য ব্যবহৃত কীটনাশক ড্রেনে ফেলে দিয়ে ডিএসসিসি তথা সরকারের সম্পদ নষ্ট করে দেওয়ায় তাকে কর্মচ্যুত করা হয় বলে জানানো হয় অফিস আদেশে।

অন্যদিকে ডিএসসিসির ২৫ নম্বর ওয়ার্ডে থেকে লার্ভিসাইডিং কার্যক্রম তদারকির নির্দেশনা ছিল সুপারভাইজার মনিরুজ্জামানের প্রতি। এর বদলে বিনা কারণে ২৩ নম্বর ওয়ার্ডে অবস্থান করছিলেন বলে তার প্রতি জারি করা অফিস আদেশে বলা হয়। একই সঙ্গে রাজন দাসের মশক নিধন ঔষধ ফেলে দেওয়ার বিষয়টি অবগত থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে অথবা উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে বিষয়টি গোপন করার অভিযোগ আনা হয় মনিরুজ্জামানের বিরুদ্ধে।

এসব অভিযোগের প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী চাকুরী বিধিমালা/২০১৯ এর ৪৯ উপ-বিধি মোতাবেক মনিরুজ্জামানকে দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে এর জবাব দিতে বলা হয়েছে নোটিশে।

প্রসঙ্গত, গত ০৭ জুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের আওতাধীন লালবাগের নবাবগঞ্জ পার্কে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ‘বছরব্যাপী সমন্বিত মশক নিধন’ কার্যক্রমের উদ্বোধন করেন। সে সময় লার্ভিসাইডিং কার্যক্রম সুপারভাইজ করতে মনিরুজ্জামানকে নির্দেশনা প্রদান করলেও তিনি সে সময় অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতির সুযোগে মশক শ্রমিক রাজন দাস লার্ভিসাইডিং এর জন্য ব্যবহৃত কীটনাশক ড্রেনে ফেলে দিয়ে কর্পোরেশনের সম্পদ বিনষ্ট করেন। পরবর্তীতে এ বিষয়ে কর্পোরেশনের মেয়র তাপসের কাছে অভিযোগ করা হলে মেয়র অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে রাজনকে কর্মচ্যুত ও মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের নির্দেশ দেন।

ads
ads
ads

Our Facebook Page