হেফাজতে ইসলামের বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।
রবিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা থেকে এক ভিডিয়ো বার্তায় এ কথা জানান তিনি।
বাবুনগরী বলেন, কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীতে আহ্বায়ক কমিটি দিয়ে সংগঠন পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন হেফাজত আমির।
মাত্র ১ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিয়ো বার্তায় আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, ঈমানি-আকিদার সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
তিনি বলেন, ইনশাআল্লাহ, আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতে ইসলামীর কার্যক্রম শুরু হবে।
২০২০ সালের ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ওই বছরের ১৮ সেপ্টেম্বর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা আহমদ শফীর ইন্তেকালের কারণে নতুন এ কমিটি করেছিল হেফাজত। এরপর ১৩ ডিসেম্বর মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেলে নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম জিহাদীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছিল হেফাজত।